কর্ম ও কীর্তিতে অমর দুই কৃতি সন্তান: ঢাকায় বেতাগী হাইস্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের স্মরণসভা
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: কীর্তিমানের মৃত্যু নেই—এই চিরন্তন সত্যকে সামনে রেখে বেতাগী হাইস্কুলের সাবেক দুই উজ্জ্বল নক্ষত্র জেলা জজ সৈয়দ মোহাম্মদ জুলফিকার আলি ও প্রখ্যাত সাংবাদিক মোহাম্মদ শাহজাহানকে শ্রদ্ধাভরে স্মরণ করলেন তাদের সতীর্থ ও গুণগ্রাহীরা।
শনিবার (১৪ নভেম্বর) বিকেলে রাজধানীর মতিঝিলের কিচেন ইয়ার্ডের ভিআইপি রুমে ‘বেতাগী হাইস্কুল প্রাক্তন ছাত্র সমিতি, ঢাকা’-এর আয়োজনে এক ভাবগাম্ভীর্যপূর্ণ স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। স্মরণসভা আয়োজন কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. জিয়াউল কবির দুলুর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদস্য সচিব ইঞ্জিনিয়ার আল-আমীন খান সুমন।
স্মৃতিচারণমূলক এই আয়োজনে বক্তাদের কথায় উঠে আসে প্রয়াত দুই গুণীজনের বর্ণাঢ্য কর্মজীবন ও মানুষের প্রতি তাদের ভালোবাসার গল্প। দৈনিক প্রথম আলোর সাবেক যুগ্ম সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সোহরাব হাসান প্রয়াত দুই ব্যক্তিত্বের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, তাদের শারীরিক প্রস্থান ঘটলেও কর্মের মাধ্যমে তারা চিরকাল বেঁচে থাকবেন। এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে ভালো কাজে উদ্বুদ্ধ করবে।
সাংবাদিক কায়কোবাদ মিলন তার বক্তব্যে উল্লেখ করেন, দেশ ও জাতির প্রতি জুলফিকার আলি ও মোহাম্মদ শাহজাহানের জনহিতকর অবদানই আজকের এই মিলনমেলার মূল প্রেরণা। অন্যদিকে, ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই নিউজের সম্পাদক মো. নিয়ামত আলি বেতাগী উচ্চ বিদ্যালয়ের গৌরবময় ঐতিহ্যের কথা তুলে ধরে বলেন, এই বিদ্যাপীঠের প্রাক্তন শিক্ষার্থীরা আজ দেশের নানা প্রান্তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন, যা অত্যন্ত গর্বের।
অনুষ্ঠানে মরহুম জজ সৈয়দ মোহাম্মদ জুলফিকার আলির মেয়ে মারিয়া আক্তার ও নাতনি নামিরা আফশীন বিনতে নাছেরের আবেগঘন উপস্থিতি সবাইকে স্পর্শ করে। এছাড়াও সভায় বক্তব্য রাখেন ড. মো. শাহআলম, মো. হাবিবুর রহমান, অ্যাডভোকেট মো. রুবেল হাওলাদার, শওকত উল ইসলাম, মো. সেলিম মিয়া, ফরিদ আহমদ, খায়রুল ইসলাম রিপন গাজী, মো. আবদুল হাকিম ও মো. ফজলুর রহমান।
সভাপতির সমাপনী বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মো. জিয়াউল কবির দুলু প্রয়াতদের স্মৃতি ধরে রাখতে সংগঠনের পক্ষ থেকে একটি স্মরণিকা প্রকাশের ঘোষণা দেন। সবশেষে হাফেজ মাওলানা মোস্তফা কামালের পরিচালনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
মরহুমদের স্মরণ সভা ও দোয়া মাহফিল সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য বেতাগী হাই স্কুলের প্রাক্তন ছাত্র সংগঠনকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। বেতাগী হাই স্কুলের মরহুম সকল শিক্ষক শিক্ষিকা ছাত্র-ছাত্রীদের রুহের মাগফিরত কামনা করছি আল্লাহ তাদের জান্নাতুল ফেরদৌস নসিব করুন। শিক্ষক কামনা করি আল্লাহ সকলকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমার মতে বেতাগী হাই স্কুলের প্রাক্তন বিশিষ্ট গুনীজনদের সম্বর্ধনা ও স্মরণিকা প্রকাশ একান্ত প্রয়োজন।
uzejc6