গণফোরাম এর ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী ও সাধারণ সম্পাদক ডা.মো.মিজানুর রহমান এক যৌথ বিবৃতিতে “জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদ” কার্যালয়ে গত ২৬ সেপ্টেম্বর ২০২৬ শনিবার অনুষ্ঠিত প্রতিনিধি পরিষদের সভা চলাকালে পুলিশ কর্তৃক নেতাকর্মীদের হয়রানি ও গণগ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, জাসদের রাজনৈতিক কার্যক্রম সরকার বা আদালত কর্তৃক নিষিদ্ধ নয়। এছাড়া জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে প্রতিনিধি সভা অনুষ্ঠানের ব্যাপারে ডিএমপি কমিশনার বরাবর পূর্বেই লিখিতভাবে জানানো হয়েছে। এমন পরিস্থিতিতে একটি রাজনৈতিক দলের অফিসে সরকারি দল কর্তৃক মব সৃষ্টি ও পুলিশ কর্তৃক নেতাকর্মীদের গণগ্রেফতার দেশে গণতন্ত্র ও আইনের শাসনের পরিপন্থী।
গণঅভ্যুত্থানের পর বর্তমানে দেশে একটি নির্বাচিত সরকার রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করছে। সভা সমাবেশ ও রাজনৈতিক কর্মসূচি পালন করা জনগণের গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার। পতিত স্বৈরাচারের ট্যাগ লাগিয়ে আইন নিজের হাতে তুলে নেওয়া হলে দেশে ন্যায়বিচার ও গণতান্ত্রিক অধিকার বিঘ্নিত হবে।
নেতৃদ্বয় আরো বলেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়। কারো বিরুদ্ধে আদালত কর্তৃক অভিযোগ থাকলে তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে কিন্তু ঢালাওভাবে গ্রেফতার গণতান্ত্রিক রাষ্ট্রে কাম্য নয়।
নেতৃদ্বয় অবিলম্বে গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তি দাবি করেন।